রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি রোগী ২২

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৪:৫১ পিএম
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি রোগী ২২
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালে এখন হামের উপসর্গ নিয়ে মোট ১১৭ শিশু চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে। এই শিশুর সংক্রামক হাম রোগের উপসর্গ ছিল। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছে। এছাড়া আইসিইউ সেবার জন্য অপেক্ষায় রয়েছে আরও ৫৬ জন শিশু। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৪ শিশু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম নিরলসভাবে কাজ করছে। ইতো মধ্যে ৪০ শয্যার হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি শিশু ওয়ার্ডে পৃথক আইসোলেশন কর্নার তৈরি করে সন্দেহভাজন রোগীদের সেখানে ভর্তি করা হচ্ছে। ডা. শংকর কে বিশ্বাস আরও বলেন, রোগীর চাপ বাড়তে থাকলে পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য সচিবের নির্দেশনায় রাজশাহীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউতে থাকা হাম আক্রান্ত শিশুদের স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও হাসপাতালে আইসিইউতে হামে আক্রান্ত রোগীদের জন্য আরও সাতটি শয্যা বাড়ানোর কাজ চলছে।
আপনার জেলার সংবাদ পড়তে