নগরজীবনের নাগরিক সমস্যাগুলোর অন্যতম যানজট সম্পর্কে অবগত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দায়। যানজটের কারণে যে সময়ক্ষেপণ ঘটছে, অর্থনীতির বিচারে তার ক্ষয়ক্ষতি ভয়াবহ। এই সমস্যা উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। দেশের রফতানিবাণিজ্যকে অনিশ্চিত করে তুলছে। বিদেশিরা বাংলাদেশের রাজধানীকে ভিন্ন দৃষ্টিতে দেখে থাকে যানজটের কারণে। বলা যেতে পারে, যেসব কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বিঘ্নিত হচ্ছে, যানজট তার অন্যতম। অনেক জায়গায় দেখা যায়, লোকজন রাস্তার ওপর দিয়ে ছোট্ট ছোট্ট ঘর তৈরি করে বসবাস করছে। ময়লার পাত্র, ডাস্টবিন, যত্রতত্র গাড়ির পার্কিং দেখা যায়। এসব কিছু যানজট হওয়ার পেছনে দায়ী। এ ছাড়া চালকদের অসচেতনতা, শহরমুখী মানুষের স্রোত, অপ্রশস্ত রাস্তা প্রভৃতি বিষয়ও যানজট হওয়ার জন্য দায়ী। যানজটে প্রায় দেড় কোটি নগরবাসীর জীবন থেকে গড়ে এক লাখ ঘণ্টা কেড়ে নিচ্ছে। যানজটে পড়ে শিক্ষার্থীরা সঠিক সময়ে স্কুল-কলেজে যেতে পারছে না। অফিস যাত্রীরাও ঠিক সময়ে অফিসে যেতে পারছে না। অনেক সময় রোগীর গাড়ি যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকে। রাস্তাতে অনেক মুমূর্ষু রোগী মারা যায়। সমাজ অভিযোজনের কালচক্রে মানুষের নগরমুখী হয়ে পড়ার ফলে নগরে জনসংখ্যার আধিক্য বেড়ে যায়। বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অত্যধিক। জীবিকার তাগিদে গ্রাম থেকে ছুটে আসা মানুষ স্থানীয়দের সঙ্গে নগরের রাস্তাগুলোতে পিপীলিকার মতো ছড়িয়ে-ছিটিয়ে থাকে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় যখন সম্ভাব্যের তুলনায় অধিক যানে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে তখনই দেখা দেয় এই যানজট! যানজটের প্রধান দুটি কারণ হচ্ছে- অবৈধ রাস্তা দখল এবং ট্রাফিক আইন অমান্য করা। একটি মেগাসিটিতে মোট আয়তনের শতকরা ২৫ ভাগ রাস্তা থাকতে হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের দেশে সচরাচর এই পরিমাপের ৮-১০ ভাগ কার্যত হিসেবে দেখা যায়। একটি পূর্ণ পরিসর প্রাপ্ত সড়কও পাচ্ছে না তার যোগ্য ব্যবহার ব্যবস্থা। বর্তমানে ঢাকা শহরে দেখা যায়, অনেক ট্রাফিক লাইট বিকল হয়ে আছে। সেগুলো ঠিক করতে হবে। ট্রাফিক লাইটের সঠিক ব্যবহার, আধুনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম ও পুলিশের কার্যকর তদারকি সড়ক চলাচলকে দ্রুততর করতে সাহায্য করতে পারে। এ ছাড়া রাস্তায় পার্কিং ব্যবস্থা সঠিকভাবে নির্ধারণ করাও যানজট কমাতে সাহায্য করবে। যানজট একটি দেশের ভোগান্তি বয়ে আনতে একাই সক্ষম। তাই পরিস্থিতিকে স্বাভাবিক পর্যায়ে আনতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।