বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, ১৭ বছরের জঞ্জাল মাত্র আটদিনে সরানো সম্ভব নয়, এরজন্য সময়ের দরকার। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে বরিশালের জলাবদ্ধতাসহ সব সমস্যা সমাধান করা হবে। প্রশাসক আরও বলেছেন, সিটি করপোরেশনে যোগদানের পরেরদিন থেকে গত আটদিনই জনদুর্ভোগ লাঘবের আলোচনা করা হয়েছে। এতে সবেচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে শহর পরিচ্ছন্ন রাখা ও আসন্ন বর্ষায় জলাবদ্ধতা দূর করার বিষয়। ড্রেন ও খালের মুখ পরিস্কার রাখা হবে, যাতে বর্ষায় পানি নদীতে নেমে যেতে পারে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুইটি রাস্তার নির্মাণ ও একটি রাস্তার সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। এরমধ্যে নগরীর চাঁদমারি মাদ্রাসা সড়ক ও ড্রেন নির্মাণ কাজ, আমির খান সড়ক নির্মাণ কাজ এবং চৌমাথা লেকে ফোয়ারা স্থাপন কাজের উদ্বোধন করেছেন প্রশাসক। এ সময় বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহামুদ সিকদার এবং মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক মশিউর রহমান মঞ্জু, ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আ.ন.ম সাইফুল আহসান আজিম, জেলা বিএনপির সদস্য মুসফিক হাসান মাসুমসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।