খুলনার রূপসায় লোকাল বাসের ধাক্কায় মোটরসাইকেলের পেছনে বসা এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মারাত্মক জখম হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় রূপসা উপজেলাধীন রূপসা ঘাট থেকে কুদিরবটতলার মধ্যবর্তী আমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাগেরহাট রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের অমর কুন্ডু একটি মোটরসাইকেল যোগে তার স্ত্রী লিলি কুন্ডু (৪৯) কে খুলনা আই হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। শুক্রবার তিনি সাড়ে বারোটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫ নম্বরের একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় জখম হন তার স্বামী অমর কুন্ডু। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিশ্চিত করে রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও চালক সাগর (২৬) কে রূপসা থানাধীন কুদিরবটতলা এলাকা থেকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।