রাজশাহীর তানোর থেকে একটি আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার চক্রের মূলহোতার নাম জসিম উদ্দিন জুয়েল (৩৩)। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ গ্রামে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে র্যাব-৫ এর রাজশাহীর সদর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তানোরের কচুয়া নামাপাড়া গ্রামের ইয়ার উদ্দিনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক, দেশীয় অস্ত্র, ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২ এর একটি দল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। পরে রাজশাহীতে অভিযান চালিয়ে এই ডাকাত দলটির মূলহোতাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার পাঁচজন দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহার করে ডাকাতি করে আসছিলেন। মূলহোতা জুয়েল দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরসহ রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার জুয়েলকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।