সীতাকুণ্ড উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ১১:৪৭ এএম
সীতাকুণ্ড উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ভাটিয়ারী ইউনিয়নের জলিল এলাকায় অনুষ্ঠিত উপজেলা বিএনপির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। তিনি বলেন, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যেই এই পুনর্গঠন করা হয়েছে। তিনি জানান, আগামী তিন থেকে চার মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হবে। ঘোষিত পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. কমল কদর। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জহুরুল আলম জহুর ও মো. সালামত উল্লাহকে। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. মোরছালিন এবং যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ফজলুল করিম চৌধূরী। দলীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে উপজেলা পুনর্গঠনের অংশ হিসেবে ১ নম্বর সৈয়দপুর থেকে ৭ নম্বর কুমিরা ইউনিয়ন পর্যন্ত বিএনপির সব ইউনিয়ন কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং ত্যাগী ও আন্দোলন সংগ্রামী নেতাদের সমন্বয়ে দলটি নতুন করে গতিশীলতা ফিরে পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে