এক অনিন্দ্য সজীবতা, উচ্ছ্বাস আর আনন্দের পূর্ণরূপ শোভিত হয় বসন্তে। ষড়ঋতুর বাংলায় বসন্ত বাংলা বছরের সর্বশেষ ঋতু হলেও বসন্তকে ঘিরেই যাবতীয় উচ্ছ্বাস বাঙালির। চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগীত প্রতিষ্ঠান সুরধ্বনি একাডেমির আয়োজনে একই দিনে বসন্ত ও নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে সাংবাদিক ক্লাবের রেড রোজ হলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান দুটি সম্পন্ন হয়। গান, নৃত্য, আবৃত্তি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বিকেল ৪টা থেকে প্রথমে বসন্ত উৎসব এবং সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব। সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় বক্তব্য দেন চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক কেএম মাসুদ ও প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।