বরিশাল নগরীর রুপাতলি হাউজিংয়ের একটি বাসায় (ছাত্রদের মেস) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে অভিযান চালিয়ে পুলিশ চার শিক্ষার্থীকে আটক করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ছায়া নিকেতন নামে একটি ভাড়া বাসা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল ওরফে এমএইচ তমাল, আকরাম খান ইমন, মহিদুর রহমান বাকী ও রাকিব হাসান রনিকে আটক করেন। আটককৃতরা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বাসাটিতে প্রায়ই ছাত্রলীগের একাধিক নেতাকর্মীলা গোপনে বৈঠক করে আসছিল। প্রতিবেশী ভাড়াটিয়া সোহান বলেন, সবার চিল্লাচিল্লিতে পুলিশ অভিযান চালাচ্ছে শুনেছি। পরে পুলিশ কয়েকজনকে থানায় নিয়ে গেছে। বরিশাল মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, রুপাতলী হাউজিংয়ে ছাত্রলীগ তাদের আধিপত্য বিস্তার ও গোপন ষড়যন্ত্রের জন্য একত্রিত হচ্ছিল। আমরা খবর পেয়ে অবরুদ্ধ করে পুলিশকে জানাই। অভিযুক্ত মাহমুদুল হাসান তমাল অভিযোগ অস্বীকার করে বলেছেন, ছাত্রদলের কিছু মানুষ মিথ্যা অভিযোগ তৈরি করছে। আমি আমার বাসায় থাকি এবং পুলিশকে বিষয়টি দেখিয়েছি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মামুন উল ইসলাম জানান, বাসায় তল্লাশী চালানো হয়েছে। আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।