বীরমুক্তিযোদ্ধা মমজেল হোসেনের পরিবারের ওপর অতর্কিত হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভোলার বাজারে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর পক্ষে আতাউর রহমান, আবুল কালাম আজাদ, মরিয়ম বেগম, আবু মাজেদ তৌফিক, মুরাদ মাহমুদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ বীরমুক্তিযোদ্ধা প্রয়াত মমজেল হোসেনের স্ত্রী মোর্শেদা বেগমের পথরোধ করে তার শ্লীলতাহানী ঘটিয়ে মারপিট করেন একই এলাকার জনৈক নাহিদ হাসান নিয়ন ওরফে সিয়াম ও তার লোকজন। এ ঘটনার প্রতিবাদ করলে প্রতিপক্ষ বীরমুক্তিযোদ্ধার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লোকজনকে মারপিট করে। এমনকি তারা পরে বীরমুক্তিযোদ্ধার নাতি মেধাবী ছাত্র তিতাসসহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। এরই প্রতিবাদে এবং নাহিদ হাসান নিয়ন ওরফে সিয়াম, লাভলী বেগম, সিরাজ হাসান লাবন, আতিকুল মন্ডল সোহেলের শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।