রংপুরে ৫ দিনে আটক ২১৮ মোটরসাইকেল, মামলা ৩১৬

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৫:৪২ পিএম
রংপুরে ৫ দিনে আটক ২১৮ মোটরসাইকেল, মামলা ৩১৬

রংপুরে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগে জোরদার অভিযান পরিচালনা করেছে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট-মেডিকেল মোড়, শাপলা চত্বর, সাতমাথা, মডার্ন এলাকা ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ২৯ মার্চ থেকে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মোট ২১৮টি মোটরসাইকেল আটক করা হয়। এর মধ্যে ২১৪টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অনিয়মের কারণে মোট ৩১৬টি মামলা  হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনের যেসব অভিযোগে এসব মামলা করা হয়েছে, তার মধ্যে রয়েছে-ড্রাইভিং লাইসেন্স না থাকা, রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ব্যবহার, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রাখা। এসব অপরাধে চালকদের জরিমানা করা ছাড়াও অনেক ক্ষেত্রে যানবাহন আটক করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু রায়হান বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, ট্রাফিক আইন মানতে সচেতনতা বাড়াতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এই অভিযান  অব্যাহত থাকবে। সচেতন মহল মনে করছে, এমন কঠোর নজরদারি অব্যাহত থাকলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।

আপনার জেলার সংবাদ পড়তে