মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস জানিয়েছে, মার্চের এক মাসেই কমপক্ষে ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত মাসিক প্রতিবেদনে আজ শনিবার এই তথ্য জানায় সংগঠনটি।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে ফ্রেব্রুয়ারির তুলনায় দেশে রাজনৈতিক সহিংসতা তুলনামূলক কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
এছাড়া ওই মাসে অন্তত ৩৪টি হামলার ঘটনায় কমপক্ষে ৫৯ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বর্তমান সরকারের পাশ না করার সিদ্ধান্ত ‘নতুন সরকারের ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে’।