নওগাঁর মান্দা উপজেলায় চলতি খরিপ মৌসুমে পাট, মুগ, তিল এবং উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম প্রমুখ বক্তব্য দেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি খরিপ মৌসুমে ১১৫০০ জন কৃষকের মাঝে উফসী জাতের আউশ ধানের বীজ, ১৫০ জন কৃষককে পাট বীজ, ৭০ জনকে গ্রীষ্মকালীন তিল বীজ এবং ৪০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন মুগ ডালের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষককে দেওয়া হয়েছে ডিএপি এবং এমওপি সার।