ভোলার দৌলতখানে অবশেষে দুদিন পর গণধর্ষণের মামলায় দুই ধর্ষককে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ১২ বছর বয়সের শিশু রুবিনা গণধর্ষণে শিকার হয়। রুবিনা উপজেলা চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায়, রুবিনা বাড়ির কাছের একটি দোকানে যাওয়ার পথে একই এলাকার মাটিকাটার শ্রমিক ইব্রাহিম (২৭) ও মেদুয়া ইউনিয়নের ফারুক (৪২) শিশুটিকে ডেকে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে পালা ক্রমে ধর্ষণ করে। এতে শিশুটি ব্যাপক রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। দৌলতখান থানা ওসি তদন্ত বিপুল চন্দ্র দাস জানান, ধর্ষণে শিকার শিশুটিকে ভোলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম শনিবার আমার দেশকে বলেন, ঘটনার একদিন পর শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। মামলায় উল্লেখিত দুই আসামি ইব্রাহিম ও ফারুককে আটক করে কোর্টে পাঠানো হয়েছে।