লক্ষ্ণীপুরে নিষিদ্ধকালীন সময়ে জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

পদ্মা নয়, আসল রূপালী ইলিশ মেঘনার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০৬:৫৩ পিএম
পদ্মা নয়, আসল রূপালী ইলিশ মেঘনার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

পদ্মার নয়, ‘আসল রূপালী ইলিশ’ পাওয়া যায় মেঘনা নদী-তে-এমন মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে লক্ষ্ণীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মৎস্য অধিদপ্তরের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ২০২৫-২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল মাসে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। 

মন্ত্রী বলেন, মেঘনার ইলিশ স্বাদ ও গুণগত মানে অনন্য, যা দেশের অন্যান্য নদীর তুলনায় আলাদা পরিচিতি বহন করে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ-এ সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, এই সময়টুকু ধৈর্য ধরলে ভবিষ্যতে বড় আকারের ইলিশ পাওয়া যাবে, যা জেলেদের জন্য আরও লাভজনক হবে।

তিনি আরও বলেন, সরকার জনগণের অঙ্গীকার রক্ষা করে প্রতিনিয়ত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং প্রতিদিনই কোনো না কোনো সেবা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী নতুনভাবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্ব দিয়ে জনগণের পাশে দাঁড়াচ্ছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য আগের তুলনায় বরাদ্দ বাড়ানো হয়েছে, যা সরকারের পক্ষ থেকে জেলেদের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে তিনি লক্ষ্ণীপুরকে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতনতা অত্যন্ত জরুরি। নিষিদ্ধ সময়ে মাছ আহরণ বন্ধ রাখতে হবে এবং দেশের সম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এই সময় ত্যাগ স্বীকার করলে ভবিষ্যতে জেলেরা বেশি লাভবান হবেন।

তিনি রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের প্রতি দায়বদ্ধ থেকে বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের ভূঁইয়া, শাহাদাত হোসেন সেলিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ অন্যান্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে