নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার একশজনের প্রত্যেকের মধ্যে দুইটি করে মোট দুশ’ ছাগল বিতরণ করা হয়। শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, ভেটেরিনারি সার্জন ডা: কাউসার আজাদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মোহাম্মদ এরশাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশীদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, বিএনপি নেতা শহীদুল ইসলাম সাগর প্রমুখ এমপির সঙ্গে ছিলেন।