চাঁদপুরে এক অস্বাভাবিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৩৫ বছর বয়সী এক নারী, যিনি এক সন্তানের জননী, ২৫ বছর বয়সী এক যুবকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে টানা পাঁচ দিন অনশন করেছেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদি এলাকায়। চাঁদপুরের পশ্চিম সকদি এলাকায় হঠাৎ করেই এক নারী যুবক শাহাদাত হাসানের বাড়িতে উপস্থিত হন। এরপর তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়েছে এবং দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই তিনি বিয়ের দাবি নিয়ে ওই বাড়িতে অবস্থান নেন। পরিবারের সদস্যরা জানায়, তারা ওই নারীকে আগে কখনো চিনতেন না। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার স্বামী ও ১২ বছরের একটি সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হয়। ওই নারীর স্বামী মুঠোফোনে জানান, তার স্ত্রী অতীতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আরও জানান, তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়নি এবং এর আগেও তিনি একাধিকবার অন্যদের সঙ্গে চলে গিয়ে আবার ফিরে এসেছেন। অন্যদিকে, অনশনরত নারী তাসলিমা তানিয়া দাবি করেন, তিন বছর আগে শাহাদাতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি জানান, বিয়ের আশ্বাস দিয়ে তাকে চাঁদপুরে আনা হলেও পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বর্তমান স্বামীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও তিনি শাহাদাতকে বিয়ে করতে চান বলেও জানান।
প্রেমিকা তাসলিমা তানিয়া:
দাবি করেন, দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং বিয়ে না হওয়া পর্যন্ত তিনি অবস্থান চালিয়ে যাবেন। এদিকে, শাহাদাতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ওই নারী হঠাৎ বাড়িতে ঢ়ুকে পড়ে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। তারা জানান, বিয়ে না করলে বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর কথাও বলা হয়।