কক্সবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সহ-সভাপতি, বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম মাহাবুবর রহমান চৌধুরীর ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ (৫ এপ্রিল)। এ উপলক্ষে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মাহবুব-বুলবুল সড়কস্থ বায়তুল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম মাহাবুবর রহমান চৌধুরী ছিলেন ইসলামী গণজাগরণ ‘খেলাফত আন্দোলন’-এর খাদেমুল ইসলাম উপাধিপ্রাপ্ত মরহুম এরশাদ আলির পৌত্র এবং বনবিভাগের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মরহুম গোলাম কাদের চৌধুরী ও সাকেরা বেগম দম্পতির জ্যেষ্ঠ পুত্র। তিনি ১৯৫৬ সালের ১০ এপ্রিল কক্সবাজার মহকুমার রামু উপজেলার জোয়ারিয়ানালা গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে অধ্যয়নরত অবস্থায়ই তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তীতে মাত্র ২৭ বছর বয়সে বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন, ১৯৯৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত, রামু উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি রামু উপজেলার নানা উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জোয়ারিয়ানালার একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠায় তিনি ছিলেন প্রধান উদ্যোক্তা। এছাড়াও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি সার্বিক সহযোগিতা প্রদান করেন। কক্সবাজারের জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবদান আজও স্মরণীয় ও অনুসরণীয়। ২০১৩ সালের ৫ এপ্রিল কিডনি ও হৃদরোগজনিত জটিলতায় তিনি ৫৭ বছর বয়সে ইন্তেকাল করেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর প্রতি দোয়ার অনুরোধ জানানো হয়েছে।