বিএনপি নেতার হামলায় যুবদল নেতা আহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ০৪:৪০ পিএম
বিএনপি নেতার হামলায় যুবদল নেতা আহত

মাছের ঘের নিয়ে বিরোধের জেরধরে যুবদলের দুই সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের মুড়িবাড়ি এলাকায়। হামলায় আহতরা হলেন, সাতলা ইউনিয়ন যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম জুয়েল ও যুবদল কর্মী মামুন হাওলাদার। রবিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবদল সদস্য জাহাঙ্গীর আলম জুয়েল অভিযোগ করে বলেন, গত বছর পটিবাড়ি এলাকার প্রায় ১৪শ' একরের একটি মৎস্য ঘের সাতলা ৯নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি সরোয়ার সরদার ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত খন্দকার তাদের সহযোগীদের নিয়ে দখল করে। মৎস্য ঘেরের জমির মালিকদের কিছু না জানিয়ে এবছরও ওই ঘেরে মাছ চাষ করার পায়ঁতারা চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে গত শনিবার (৪ এপ্রিল) বিকেলে মাছের ঘেরের জমির মালিকদের নিয়ে স্থানীয় মাহবুব খন্দকারের বাড়িতে আমরা সভা করি। এসময় বিএনপি নেতা সরোয়ার ও ছাত্রদল নেতা রাহাত তাদের সহযোগীদের নিয়ে সভাস্থলে ঢ়ুকে  সভা পন্ড করে দেয় এবং আমাকে খুঁজতে থাকে। ওই ঘটনার জেরধরে একইদিন রাত সাড়ে নয়টার দিকে ইউনিয়নের মুড়িবাড়ি এলাকায় বসে সরোয়ার ও রাহাতের নেতৃত্বে আমাকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এসময় আমার ডাক চিৎকারে যুবদল কর্মী মামুন হাওলাদার ছুটে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা রাহাত খন্দকার বলেন, আমরা তাদের ওপর কোন হামলা করি নাই। উল্টো তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমিসহ আমাদের পক্ষের চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে সরোয়ার সরদারের অবস্থা গুরুত্বর। এবিষয়ে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে