হাম-রুবেলার প্রকোপ বাড়তে থাকায় নওগাঁর পোরশাকে হটস্পট ঘোষণা করে সেখানে দু’মাস ব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনলাইনে ভার্চুয়ালী যুক্ত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-১ (পোরশা-নিয়ামতপুর-সাপাহার) আসনের এমপি মোস্তাফিজুর রহমান। নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, সাপাহার সার্কেলের সহকারি পুলিশ সুপার শ্যামলী রাণী বর্ম্মণ, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজির আহমেদ এতে সভাপতিত্ব করেন। ক্যম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের হাম রুবেলার এক ডোজ করে টিকা প্রদান করা হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আগামী ঈদুল আজহা পর্যন্ত ক্যাম্পেইনের কার্যক্রম চলবে। নওগাঁর সিভিল সার্জন বলেন, “সমপ্রতি শিশুদের মাঝে হাম রোগের প্রাদুর্ভাব বেশী দেখা দেওয়ায় পোরশা উপজেলায় বিশেষ ক্যাম্পেইন শুরু করা হয়েছে। সকল পর্যায়ে সচেতনতা গড়ে তোলার কার্যক্রমের অংশ হিসেবে বেশী আক্রান্ত এলাকাগুলোতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। টিকার পাশাপাশি ভিটামিন এ গ্রহণেরও পরামর্শ দেয়া হচ্ছে। পর্যাপ্ত টিকা মজুত আছে।” ডা: আমিনুল ইসলাম আরো বলেন, “আক্রান্তের হার বেশি হওয়ায় পোরশা উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ উপজেলার জন্য ১৮ হাজার ভায়েল এসেছে। যা থেকে ১৭ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হবে। নওগাঁ জেলায় এ পর্যন্ত ১২৫ জন শিশুর হামের উপসর্গ রয়েছে। এখন পর্যন্ত ১০ জন হাম রোগে আক্রান্ত হয়েছে। যাদের বয়স ৫ থেকে ১০ মাস। পরবর্তীতে জেলার নিয়ামতপুর উপজেলায় টিকাদান কার্যক্রম চলবে।”