প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখপাত্র: মাহদী আমিন ও ছালেহ শিবলী দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬, ০৮:৪৪ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখপাত্র: মাহদী আমিন ও ছালেহ শিবলী দায়িত্বে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী। রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাঁদের কাজ হবে কার্যালয়-সংশ্লিষ্ট দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্যান্য মাধ্যমে প্রচার ও প্রদানের দায়িত্ব পালন করা।

মাহদী আমিন প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হিসেবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দেখাশোনা করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০১৪ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন এবং পরবর্তী সময়ে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন।

অপরদিকে, ছালেহ শিবলী দীর্ঘদিন সংবাদমাধ্যমে কাজ করেছেন। বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা ও চ্যানেল আইসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। চারদলীয় জোট সরকারের সময়ে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ২৮(৪) অনুযায়ী মাহদী আমিন ও ছালেহ শিবলী প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট সকল দাপ্তরিক তথ্য প্রচার ও মিডিয়ায় উপস্থাপনের দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত আদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

মুখপাত্র হিসেবে নিয়োগ পাওয়ার ফলে এখন থেকে প্রধানমন্ত্রীর যে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা দাপ্তরিক তথ্য গণমাধ্যমে এই দুই কর্মকর্তার মাধ্যমে জানানো হবে। বিশ্লেষকরা মনে করছেন, অভিজ্ঞ এই দুই মুখপাত্র সরকারের ভাবমূর্তি প্রকাশ ও দাপ্তরিক তথ্য সুষ্ঠুভাবে পরিবেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আপনার জেলার সংবাদ পড়তে