সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে গতকাল রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে ৫টি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিফ আল তাওহিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোনারগাঁও পৌরসভা ও পিরোজপুর এলাকার অবৈধ চুনা কারখানা ভেঙ্গে গুড়িয়ে দেয়।
জানাগেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মুজাফ্ফর আলী ফাউন্ডেশনের পাশে দুটি ও সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া এলাকায় দুটি ও দৌলেরবাগ এলাকার একটি চুনার কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলো। চক্রটি প্রতিদিন অবৈধভাবে ৫৬ হাজার ঘনফুট গ্যাস ব্যবহার করে আসছে।তিতাস কর্তৃপক্ষ এর আগেও এসব অবৈধ কারখানা গুলোতে অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা পরও কোনএক অদৃশ্য শক্তির কারণে পূণরায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। অবৈধ গ্যাস সংযোগের কারনে সরকার প্রতিদিন বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছেন। এছাড়াও কতৃপক্ষ পিরোজপুর এলাকার হিরাঝিল হাইওয়ে হোটেল এন্ড রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস ব্যবহারের কারণে হোটেলের মালিক আল আমীনকে ২৫ হাজার টাকা ও তার চাচা দুলাল মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশনের কর্মকর্তা ও সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।