দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ওপর থাকা উঁচু ঢিবিতে ধাক্কা লেগে ব্যাটারিচালিত ভ্যান উল্টে ট্রাকচাপায় বাবলু মিয়া (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের নিতাইশা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ি মাঠপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় হারুনুর রশিদ (৪২) নামে এক যাত্রী আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানপুর বাজার থেকে ফেরার পথে নিতাইশা মোড়ে মহাসড়কের ঢিবিতে ভ্যানটির চাকা উঠে গেলে এটি উল্টে যায়। এতে চালক সড়কে ছিটকে পড়লে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানায়, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ঘাতক ট্রাক শনাক্তে অভিযান চলছে।