সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের লাশ দেশে পৌঁছাল

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৬ এপ্রিল, ২০২৬, ১২:০৯ পিএম | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ১১:৫৬ এএম
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের লাশ দেশে পৌঁছাল

মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ আজ সোমবার সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৬ ফ্লাইটে সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মামুনের পরিবারের উপস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্নে বিভোর মামুন ১৫ বছর আগে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। সবশেষ পাঁচ বছর আগে প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে কর্মস্থলে ফিরে গিয়েছিলেন তিনি। বাড়িতে স্ত্রী শারমিন আক্তার এবং ছয় বছর বয়সী অবুঝ সন্তান মাহেদী শেখ এখন কেবলই বাবার স্মৃতি নিয়ে বেঁচে থাকার লড়াইয়ে সামিল।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৮ মার্চ সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে ইফতারের আগমুহূর্তে হুট করেই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বিদ্রোহীরা। আল তোয়াইক বলদিয়া কোম্পানির সেই ক্যাম্পে কর্মরত মামুন হামলায় গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ নয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১৭ মার্চ রাত সাড়ে ১১টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, একই ক্ষেপণাস্ত্র হামলায় মোশাররফ হোসেন নামে আরও এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছিলেন। তার মরদেহ এর আগে গত ২০ মার্চ দেশে আনা হয়েছে। মামুনের মরদেহটি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও দাপ্তরিক কাজ শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এক রেমিট্যান্স যোদ্ধার এমন করুণ মৃত্যুতে গফরগাঁওয়ের রসুলপুর গ্রামে এখন শোকের মাতম চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে