পাবনার চাটমোহরে বিলের মধ্যে দম্পতিকে বেঁধে মারধরের পর স্কিম ডিপ টিউবওয়েলের ৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের বিলে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, বোয়াইলমারী গ্রামের বিলের স্কিম ডিপটিউবওয়েল পাহারা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন পাশের ধানকুনিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে আনিস হোসেন। তিনি দীর্ঘদিন যাবৎ এই ডিপটিউবওয়েল দেখাশোনা করতেন ও রাতে সেখানে থেকে পাহারা দিতেন। সোমবার দিবাগত রাতে ডিপটিউবওয়েলের ঘরে তার স্ত্রীসহ তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ১টার দিকে ১০-১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘর ঘিরে ফেলেন। এ সময় দুর্বৃত্তরা ডিপটিউবওয়েলের ঘরে ঢুকে পাহারাদার আনিস ও তার স্ত্রীকে বেধড়ক পিটুনি দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং দুজনের মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর সংঘবদ্ধ চক্রটি ডিপটিউবওয়েলের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে একে একে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। সকালে স্থানীয় এলাকাবাসী আহতাবস্থায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘সকালে স্থানীয়রা বিষয়টি জানানোর পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’