রাজধানীর কদমতলী থানাধীন চেয়ারম্যান বাড়ী এলাকায় ভিকটিম মো: শাহিন ব্যাপারী (২৭) একটি ফার্নিচারের দোকানে কর্মরত ছিলো। গত বছরের নভেম্বরের ২২ তারিখ বিকেলে আসামি চাপাতি শাওন (৩৫)’সহ অপরাপর আসমিগণ পূর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিত ভাবে ভিকটিম শাহিন’কে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে ভিকটিমের মাথায় গুলি করে। পরবর্তীতে আশপাশের লোকজন ভিকটিমকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ভিকটিম শাহিন’কে গত বছরের ২৬ নভেম্বর তারিখে মৃত ঘোষণা করে। ঘটনার পর ভিকটিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় মামলা নং- ৩২, তারিখ- ২৩/১১/২০২৫ খ্রি., ধারা- ৩২৬/৩০৭/১৪৩/৩৪/৩০২ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার র্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি চাপাতি শাওন (৩৫), পিতা- শাহজাহান, সাং- বাগানবাড়ী, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।