পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: সেকেন্দার হায়াত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৭:৫৪ পিএম
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: সেকেন্দার হায়াত

চলমান ঢাকা শহরে হকার উচ্ছেদের নামে যে দমনমূলক অভিযান চালানো হচ্ছে, তার বিরুদ্ধে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত তীব্র প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেন, হাজারো শ্রমজীবী হকার এই শহরের অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ, অথচ তাদের জীবিকার কোনো নিরাপত্তা নেই। সেকেন্দার হায়াত স্পষ্ট করে বলেন, “পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়”। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া হকারদের উচ্ছেদ করা তাদের জীবন-জীবিকার ওপর সরাসরি আঘাত এবং মানবাধিকারের লঙ্ঘন। হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক বিবৃতিতে আরো বলেন, বাংলাদেশে হকারদের জন্য কোনো সুস্পষ্ট আইন বা নীতিমালা নেই। এই শূন্যতার সুযোগে চলছে চাঁদাবাজি, হয়রানি ও দমন-পীড়ন। “অবিলম্বে হকার আইন প্রণয়ন করার জোর দাবি জানিয়ে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, হকারদের বৈধ স্বীকৃতি দিতে হবে, নির্দিষ্ট স্থান বরাদ্দ করতে হবে এবং টেকসই পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উন্নয়নের নামে জীবিকা ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে সেকেন্দার হায়াত আরো বলেন, হকাররা অপরাধী নয়, তারা এই শহরের পরিশ্রমী মানুষ। তাদের অধিকার নিশ্চিত না করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। মানবিক নগর গড়তে হলে জীবিকা রক্ষার অধিকার নিশ্চিত করতেই হবে। অন্যথায় এই অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ আরও জোরদার করা হবে। বিবৃতিতে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত সকল শ্রমজীবী মানুষ, নাগরিক সমাজ ও প্রগতিশীল শক্তিকে হকারদের ন্যায্য দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে