জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো অষ্টম রাজকীয় ক্রিকেট লীগ-২০২৬। ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কুঁড়েঘর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং নাগরদোলা দল রানার্সআপ হয়। ফাইনালে টস জিতে কুঁড়েঘর দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নাগরদোলা দল নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিনহাজ ৪৬ ও আব্দুল্লাহ ৪১ রান করে উল্লেখযোগ্য অবদান রাখেন। কুঁড়েঘর দলের বোলার নুর ২টি উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুঁড়েঘর দল দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে মাত্র ১ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সাকিবুর সর্বোচ্চ ৬৬ রান করে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে মিনহাজুর রহমান রাজন ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা অলরাউন্ডার নির্বাচিত হন। এছাড়া মিনহাজুর রহমান রাজন সেরা ব্যাটার ও সেরা বোলার নির্বাচিত হন এবং সেরা ফিল্ডার হন সৈয়দ আমিনুর রহমান। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দিঘলিয়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির অন্যতম কর্ণধর মান্না।