গাজীপুরের কালীগঞ্জে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটি কাটার অপরাধে রকিবুন নবী নামে একজনকে দুই লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া (বারুন) এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বেরুয়া (বারুন) গ্রামের এ এম মাহমুদুন নবীর ছেলে রকিবুন নবী মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক একটি মামলায় দুই লাখ টাকা আর্থিক জরিমানা করেন। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে আল আমিন ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষেল অনুমতি ব্যতিরেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক দুই লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে মাটি কাটা বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।