বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে ডিলারকে জরিমানা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৬:৪১ পিএম
বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে ডিলারকে জরিমানা

বরিশালের বানারীপাড়া উপজেলায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আলম কমিশনারের বাড়িতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাইজিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় ডিলার মো. শামসুল আলম শিমুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৪৩ ধারায় দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়। এনএসআই সূত্রে জানা যায়, অনুমোদিত ৪০টি সিলিন্ডারের পরিবর্তে তিনি নিজ বাড়িতে প্রায় ২ হাজারের বেশি গ্যাসভর্তি সিলিন্ডার অবৈধভাবে মজুদ করে আসছিলেন এবং সেগুলো বেশি দামে বিক্রি করতেন। অভিযানে জেলা এনএসআই, উপজেলা প্রশাসন ও বানারীপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসবে।

আপনার জেলার সংবাদ পড়তে