মেহেরপুরের গাংনী জামায়াত কার্যালয়ে বোমা আতঙ্ক, ব্যাগে মিলল গমের ময়দা

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর): | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৪:৩৭ পিএম
মেহেরপুরের গাংনী জামায়াত কার্যালয়ে বোমা আতঙ্ক, ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরের গাংনীতে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে পড়ে থাকা একটি ব্যাগকে ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে পুলিশ ব্যাগটি খুলে ভেতরে গমের ময়দা দেখতে পায়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাজারের আসাদ মার্কেটের দ্বিতীয় তলায় জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর কার্যালয়ের সিঁড়ির পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সেটিতে বোমা থাকতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে বিষয়টি গাংনী থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে পরীক্ষা করে। ব্যাগের ভেতর কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি; সেখানে গমের ময়দা ছিল।

গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর আমির রবিউল ইসলাম বলেন, “অফিসের সামনে সিঁড়ির পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে বোমা থাকার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ব্যাগটি খুলে গমের ময়দা দেখতে পায়।”

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, একজন বয়স্ক নারী ব্যাগে করে গমের ময়দা নিয়ে যাচ্ছিলেন। জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে ব্যাগটি রেখে তিনি পাশের দোকানে কিছু কিনতে যান। এ সময় ব্যাগটিকে ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ব্যাগের মুখ খুলে ভেতরে গমের ময়দা দেখতে পায়।

আপনার জেলার সংবাদ পড়তে