পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কে স্বাগত জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে প্রতি বছরের মতো এবারও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। ২১ আগস্ট বাদ জুমা শহরজুড়ে এ শোভাযাত্রা বের করা হয়। সৈয়দপুরস্থ আলা হযরত ইমাম আহমেদ রেজা ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রাটি শুক্রবার জুমার নামাজের পর গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদ ঈদগাহ মাঠ থেকে শুরু হয়। এতে শহরের বিভিন্ন মসজিদ, খানকাহ, পাড়া-মহল্লা থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল আরোহী অংশ নেয়। এমন কথা বললেন আয়োজকদের মধ্যে বেশ কয়েকজন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, জুমার নামাজের পরপরই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক এবং ব্যক্তিগতভাবে অংশগ্রহণকারী মোটরসাইকেল আরোহীরা গোলাহাট জামে মসজিদ ঈদগাহ মাঠে সমবেত হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দরুদ ও সালাম পাঠ এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-কে স্বাগত জানিয়ে প্রতি বছরই এ ধরনের মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।