বাংলাদেশের জলজ পরিবেশে প্লাস্টিক দূষণের প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা। আড়িয়াল বিলের পাঁচ প্রজাতির দেশীয় মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হওয়ার বিষয়টি কেবল একটি বৈজ্ঞানিক অনুসন্ধানের ফল নয়; এটি পরিবেশ, খাদ্যনিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য ভবিষ্যৎ ঝুঁকির একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। গবেষণায় কই, বাটা, মেনি, গুলশা টেংরা ও পুঁটি মাছের দেহে বিভিন্ন মাত্রায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। একই সঙ্গে বিলের পানি ও পলিমাটিতেও উল্লেখযোগ্য পরিমাণ প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। গবেষকদের মতে, বর্তমানে এসব মাছ খাওয়ার ফলে তাৎক্ষণিক স্বাস্থ্যঝুঁকির সুস্পষ্ট প্রমাণ নেই। তবে দীর্ঘ সময় ধরে মানবদেহে মাইক্রোপ্লাস্টিক জমতে থাকলে এর প্রভাব ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত বিস্তৃত হতে পারে। তাই বিষয়টিকে আতঙ্ক নয়, বরং বিজ্ঞানভিত্তিক সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বিশ্বজুড়েই মাইক্রোপ্লাস্টিক দূষণ এখন একটি বড় পরিবেশগত চ্যালেঞ্জ। নদী, হ্রদ, সাগর এমনকি পানীয় পানি ও বাতাসেও এর উপস্থিতি নিয়ে বিভিন্ন গবেষণায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও দ্রুত নগরায়ণ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাপক ব্যবহার এবং শিল্প ও গৃহস্থালির বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ার ফলে এ সমস্যা আরও জটিল হয়ে উঠছে। গবেষণায় কাপড় ধোয়ার সময় নির্গত কৃত্রিম তন্তু, প্লাস্টিক জাল এবং গৃহস্থালির বর্জ্যকে সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা সমস্যাটির বহুমাত্রিক চরিত্র তুলে ধরে। এ পরিস্থিতিতে শুধু গবেষণা প্রকাশ করাই যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর নীতিগত উদ্যোগ। জলাশয়ে প্লাস্টিক বর্জ্য ফেলা নিয়ন্ত্রণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, শিল্পকারখানার বর্জ্য পরিশোধন নিশ্চিত করা, পরিবেশবান্ধব বিকল্পের ব্যবহার বৃদ্ধি এবং জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দেশের বিভিন্ন নদী, বিল ও জলাশয়ে নিয়মিত মাইক্রোপ্লাস্টিক পর্যবেক্ষণ এবং এর স্বাস্থ্যগত প্রভাব নিয়ে দীর্ঘমেয়াদি গবেষণাও জরুরি। দেশীয় মাছ বাংলাদেশের মানুষের প্রধান প্রাণিজ আমিষের উৎস। তাই এ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়, এটি জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এখনই সমন্বিত ও বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ নেওয়া গেলে ভবিষ্যতের বড় সংকট এড়ানো সম্ভব হবে। পরিবেশ রক্ষায় আজকের উদ্যোগই আগামী প্রজন্মের সুস্থ জীবনের ভিত্তি হতে পারে।