খুলনার কয়রায় সুন্দরবনের শিঙের টেক সংলগ্ন রায় নদীতে ডুবে যাওয়া পর্যটকবাহী একটি বোটসহ ৯ জনকে উদ্ধার করেছে আংটিহারা নৌ পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে এঘটনা ঘটে।তবে এ ঘটনায় উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, সুন্দরবন সংলগ্ন শিঙের টেকে ভ্রমণ শেষে পর্যটকবাহী বোটটি রায় নদী দিয়ে ফেরার সময় এক পর্যায়ে ডুবন্ত মরা গাছের উপরে উঠে পানিতে ডুবে যেতে শুরু করে। এ সময় বোটে থাকা পর্যটকরা বিপাকে পড়েন। এমতাবস্থায় কয়েকজন সাতরিয়ে কিনারে ওঠতে সক্ষম হয়। এসময় ৯৯৯ জরুরী কলের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আংটিহারা নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে নৌ পুলিশের সদস্যরা ডুবন্ত পর্যটকবাহী বোটসহ বোটে থাকা ৯ জনকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিকভাবে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেন, এস আই দিদারুল আলম, এএসআই মোঃ সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ, ও হৃদয় তালুকদার। উদ্ধারকৃত পর্যটকরা হলেন নৌকার মাঝি কিসমত আলী (৪৮) নাঈম হোসেন (২২),রাকিবুল ইসলাম(১৮), মোঃ আশিক(২৫)মোঃ পলাশ হোসেন(২৩)মোঃ শাহিন(২৫) ইমামুল হোসেন (২৫)মোঃ গালিব(২৫) মোঃ আব্দুল্লাহ (২২)। আংটিহার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফারুখ হোসেন জানান, দিনে ডিউটি চালাকালে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাই যে, কয়রার শিঙেরটেক নামক স্থানে রাই নদীর মধ্যে ১ টি কাঠের ইঞ্জিন চালিত নৌকা বোর্টে কয়েকজন ট্যুরিষ্ট সহ ডুবে গেছে। এমন সংবাদটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে তাদের নির্দেশনামতে সিঙেরটেক নামক স্থানে রাই নদীর মাঝামাঝি পৌছাইলে টহল পার্টি দেখতে পান ৩ জন নৌকা ধরে নদীতে ভেসে আছে এবং বাকী ৬ জন নদীর মধ্যে থাকা গাছের ডাল ধরে ঝুলে আছে। তখন নৌ পুলিশের উদ্ধার টিম দ্রুত তাদেরকে নদী হতে উদ্ধার করে নৌ পুলিশের টহল নৌকায় তুলে ফাঁড়িতে আনা হয়।