গার্মেন্টস শিল্প বাঁচলে বাংলাদেশ বাঁচবে: বিজিএমইএ পরিচালক

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ১১:১৬ এএম
গার্মেন্টস শিল্প বাঁচলে বাংলাদেশ বাঁচবে: বিজিএমইএ পরিচালক

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক কাজী মিজানুর রহমান পিন্টু বলেছেন, গার্মেন্টস শিল্প বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই গার্মেন্টস শিল্পের সংকট দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য তিনি আহবান জানিয়েছেন।

কাজী মিজানুর রহমান পিন্টু বলেছেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের বিভিন্ন শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ না থাকায় সময়মতো উৎপাদন সম্পন্ন করা যাচ্ছে না। এতে বিদেশে পণ্য রপ্তানির শিপমেন্টের বিঘ্ন ঘটছে এবং উদ্যোক্তাদের লোকসান গুনতে হচ্ছে। কাজী মিজানুর রহমান পিন্টু আরও বলেছেন, অনেক গার্মেন্টস মালিক ও শিল্প উদ্যোক্তা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে কারখানা প্রতিষ্ঠা করেছেন। কিন্তু জ্বালানি সংকটের কারণে উৎপাদন স্বাভাবিক না থাকায় তারা বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে অনেক শিল্পপ্রতিষ্ঠান লোকসানের মুখে পড়ার পাশাপাশি কর্মসংস্থান ও রপ্তানিখাতেও নেতিবাচক প্রভাব পরতে পারে।

তিনি বর্তমান পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্টদের ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে সংকট মোকাবেলার আহবান জানিয়ে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

বিজিএমইএ পরিচালক বলেন, শিল্পকারখানা সচল থাকলেই দেশের অর্থনীতির চাকা সচল থাকবে। তাই সরকার, শিল্প উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গ্যাস-বিদ্যুৎ সংকট দ্রুত সমাধান করা না গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পরার আশঙ্কা রয়েছে। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে তৈরি পোশাকশিল্পকে সুরক্ষা দেওয়া এবং শিল্পের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে