রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে পরকীয়ার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পরকীয়া প্রেমিকা ও তার স্বামীকে আটক করেছে।
নিহত যুবক আবু বক্কর সিদ্দিক হারাগাছ ইউনিয়নের পল্লীমারী হক বাজারের রাজা মিয়ার ছেলে। রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে হারাগাছ পৌর এলাকার চরচতুরা গ্রামের একটি সড়ক থেকে তার মরহেদটি উদ্ধার করে পুলিশ। হারাগাছ এলাকার সাজু মিয়ার স্ত্রী মুন্নির (৩০) সঙ্গে সিদ্দিকের পরকীয়া প্রেম ছিল। এর জেরে সিদ্দিককে হত্যা করা হয়েছে।
নিহতের বড়ভাই তাজুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ এই ঘটনায় পরকীয়া প্রেমিকা ও তার স্বামীকে আটক করেছে।
জানা গেছে, রোববার সন্ধ্যার পর সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে লালমনরিহাট সদরে যান। রাত ৯টার দিকে পরিবারের লোকজন জানতে পারে সিদ্দিককে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে মেট্রোপলিটন হারাগাছ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, পুলিশ মুন্নিকে আটক করে এবং তার স্বামী সাজু মিয়াকে পিবিআই আটক করে। বর্তমানে দুইজনই পিবিআই হেফাজতে রয়েছে।