ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আটক দুজন হলেন-কালীগঞ্জের বারফা গ্রামের মোঃ আলাউদ্দিন এবং আড়পাড়া নদীপড়া গ্রামের মোঃ দুখু মিয়া (৩৫)।পুলিশের দাবি, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার পর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।
ওসি কবির হোসেন জানান, অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাই মালামাল উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে কালীগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।