খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা’ কাশেম ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৫:৩১ পিএম
শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা’ কাশেম ৫ দিনের রিমান্ডে
ছবি: সংগ্রহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমের’ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে এদিন কারাগার থেকে আবুল কাশেমকে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার, হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার বিস্তারিত তথ্য জানতে কাশেমকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এর আগে ১৭ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আবুল কাশেম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনের শুনানির জন্য ২৫ আগস্ট দিন ধার্য করেছিলেন আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে কারওয়ান বাজারের বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস ও কাব্যকস সুপার মার্কেটের সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়, ওই সময় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। এতে খালেদা জিয়ার গাড়িবহরের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) নিরাপত্তাকর্মীসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ২২ আগস্ট এ ঘটনায় শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। রাজধানীর তেজগাঁও থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশের দাবি, তদন্তের একপর্যায়ে বিশ্বস্ত সূত্রে তথ্য পেয়ে ১৭ আগস্ট কারওয়ান বাজার এলাকা থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছে পুলিশ।

আবুল কাশেমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে