চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁড়ালডাঙ্গা সীমান্তে ৬ জন পুরুষকে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রহনপুর ইউনিয়নের ওই সীমান্তের ২১৬/এমপি পিলারে নিকটে এই ঘটনা ঘটে। এদিকে বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয়। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলে ১৬,বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক ক্ষুদে বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রামদাসপুর সীমান্ত দিয়ে ভারতীয় ১২ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক পিলার ২১৬/এমপি পিলারের কাছ দিয়ে ৬ জন পুরুষকে বাংলাদেশী অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করছে। ওই সময় রামদাসপুর বিওপির টহল সদস্যরা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল এসে উপস্থিত হয়। সেখানে অনুপ্রবেশকারী ৬ জনকে ভারতীয় শূণ্য লাইনে অবস্থারত শনাক্ত করে। পরে তাদেরকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয় । এ বিষয়ে ১৬,বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানায়,ওই ৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে বাধা প্রদানপূর্বক ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে সীমান্তে নজরদারী ও টহল জোরদার করা হয়েছে বলে তিনি জানান।