হিমবাহ ধস ও প্রাণঘাতী আকস্মিক প্লাবনের ট্র্যাজেডি কাটিয়ে ওঠার আগেই নেপাল-তিব্বত সীমান্তে একটি পানির বাঁধ ফের ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।
পাহাড়ের ঢালে ধ্বংসস্তূপ জমে তৈরি হওয়া একটি বাঁধ থেকে জমতে থাকা পানি উপচে পড়তে শুরু করেছে। আজ শুক্রবার নেপালের পুলিশ এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, ‘তিব্বতের অংশে আবারও একটি পানি ধরে রাখার বাঁধ ভেঙে যাওয়ার তথ্য পাওয়া গেছে।’ এ অবস্থায় উদ্ধারকারীদের উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে, চীনের কর্তৃপক্ষও একই তথ্য জানিয়েছে। তারা বলেছে, তিব্বত-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যার পর যে হ্রদটি তৈরি হয়েছিল, সেটি উপচে পড়তে শুরু করেছে। এতে উদ্ধার অভিযান স্থগিত করতে তারা বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার আকস্মিক বন্যার কারণে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন। বিধ্বস্ত হয়েছে বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা। এখনও দেড় হাজারের মতো মানুষ নিখোঁজ আছেন। এরমধ্যেই আরেক দফায় পাহাড়ি ঢলের সতর্কতা জারি হলো।