সুনামগঞ্জে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেপ্তার ২

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৪:৫২ পিএম
সুনামগঞ্জে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেপ্তার ২

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিশ্বম্ভরপুর থানা পুলিশের যৌথ অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৭টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও বিশ্বম্ভরপুর থানা পুলিশের সমন্বয়ে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা ফুচকা পরিবহনের সময় ফরিদপুর সদর উপজেলার আরিফ শেখ (৩৪) ও জিহাদ ফাকির (৩৪) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় আনুমানিক ৩৫ কেজি করে ফুচকা ছিল। একই সঙ্গে চোরাচালানের পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। অভিযানে  জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. মাহমুদুল হাসান, এএসআই খাদেমুল ইসলাম, কনস্টেবল ফরিদ মিয়া, কনস্টেবল দীপক মুন্ডা ও কনস্টেবল মোশারফ হোসেনসহ পুলিশ সদস্যরা অংশ নেন। জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মাহমুদুল হাসান, জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের প্রযোজ্য ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে