বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯ আগষ্ট) বেলা ২টার দিকে ৬৯ নম্বর এসবি কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের সমানের সড়কে অভিভাবকবৃন্দ, এলাকাবাসি ও সচেতন নাগরিকের ব্যানারে মানববন্ধনটি করা হয়।
মানববন্ধনে ব্যবহৃত ব্যানারে লেখা ছিলো, প্রধান শিক্ষক শিউলী পারভিন কর্তৃক বিদ্যালয় পরিচালনায় দুর্নীতি এবং স্লিপ বরাদ্দ, সরকারি গাছ কর্তনসহ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ ও ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মেনর বিরুদ্ধে মানববন্ধন’। মানববন্ধনে নিজেদেরকে অভিভাবক সদস্য, এলাকার সচেতন নাগরিক, জমিদাতা ও বিএনপি নেতা দাবি করে বক্তৃতা করেন সুমন হাওলাদার, মিনারা বেগম, শিল্পি খানম, রবিউল ইসলাম, জাকির হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি গফফার খান, জমিদাতা নাসির খান ও আমজাদ হোসেন।
বক্তারা বলেন, শিউলী পারভীনের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা নিয়ম বর্হিভূত ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসি ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে মানববন্ধন করছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক শিউলী পারভীন বলেন, বিদ্যালয় ছুটির দিনে নিজেদেরকে অভিভাবক দাবি করে যারা মানববন্ধন করেছেন তারা কেউই এ বিদ্যালয়ের অভিভাবক নন। তাদের অভিযোগ কাল্পনিক ভিত্তিহীন। সাংবাদিকদেরকে বিষয়টি খতিয়ে দেখার জন্যও অনুরোধ করেন প্রধান শিক্ষক। এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা বলেন, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মের একটি অভিযোগ পেয়েছি। কমিটি বাতিল করার নির্দেশনা দেওয়া হয়েছিলো। পরে আবার সে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। গাছ কাটার বিষয়ে পৃথক অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।