সাইবার মামলায় অধ্যক্ষ আব্দুল হালিম গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ১১:৪২ এএম
সাইবার মামলায় অধ্যক্ষ আব্দুল হালিম গ্রেপ্তার

সাইবার মামলায় বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার সদ্য সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

শনিবার (২৯ আগষ্ট) দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার লুৎফুর রহমান সড়কের ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে র‌্যাব-৮ এর সদস্যরা তাকে বানারীপাড়া থানায় হস্তান্তর করেছেন। মামলা দায়েরের বিষয়ে বাদী অ্যাডভোকেট গোলাম মাওলা জুবায়ের বলেন, ওই মাদরাসার সাবেক শিক্ষক তার মরহুম পিতা আব্দুল জব্বার ফকিরের বিরুদ্ধে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম কিছুদিন পূর্বে স্থানীয় এক সাংবাদিককে দেওয়া ভিডিও বার্তায় অসত্য, আপত্তিজনক ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। তার এ ভিডিও বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। এতে তার মরহুম পিতা ও তার পরিবারের সম্মানহানি হয়েছে। ফলে তিনি বাদী হয়ে মাওলানা আব্দুল হালিম এবং ভিডিও বক্তব্যধারণ ও প্রচারকারী সাংবাদিককে আসামি করে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন। এ মামলায় মাওলানা আব্দুল হালিমকে শনিবার বরিশাল নগরী থেকে গ্রেপ্তার করা হয়।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানান, সাইবার মামলার আসামি মাওলানা আব্দুল হালিমকে র‌্যাব গ্রেপ্তার করে থানায় সোপর্দ করার পর ওইদিন (শনিবার) শেষকার্যদিবসে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থিক অনিয়ম ও দায়িত্ব পালনে গুরুত্বর অভিযোগে অতিসম্প্রতি মাওলানা আব্দুল হালিমকে অধ্যক্ষর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ১৪ জুলাই সকালে রুহুল আমিন জসিমের সভাপতিত্বে মাদরাসার গর্ভনিং বডির সভায় তাকে সাময়িক বরখাস্ত করে উপাধ্যক্ষ মো. অলিউল্লাহ্কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে