কক্সবাজার ভ্রমণেই শেষ হলো পথচলা: লোহাগাড়ায় ট্রাকচাপায় নিহত চাঁদপুরের দুই বন্ধু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৪ পিএম
কক্সবাজার ভ্রমণেই শেষ হলো পথচলা: লোহাগাড়ায় ট্রাকচাপায় নিহত চাঁদপুরের দুই বন্ধু

কক্সবাজার ভ্রমণের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার দুই তরুণের জন্য। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

​১ সেপ্টেম্বর, মঙ্গলবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ​নিহতরা হলেন কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের সাহারপাড় গ্রামের মিজানুর রহমান পাটওয়ারীর ছেলে মাহি পাটওয়ারী (২০) এবং একই গ্রামের মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তাওহীদ (২২)। শৈশব থেকে একসঙ্গে বেড়ে ওঠা এই দুই বন্ধুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

​স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মোটরসাইকেলে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। পথিমধ্যে লোহাগাড়া এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনে প্রাণ হারান।

​স্থানীয় ইউপি সদস্য জহিরুল হক জানান, খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিজ গ্রামে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি তাঁরা জেনেছেন। পরিবারের পক্ষ থেকে এখনো থানায় আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে