আমাদের প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘন্টা খাওয়া-দাওয়া এবং ঘুমের জন্য ব্যয় করেন : মাউশির পরিচালক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৫ পিএম
আমাদের প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘন্টা খাওয়া-দাওয়া এবং ঘুমের জন্য ব্যয় করেন : মাউশির পরিচালক

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘন্টা খাওয়া-দাওয়া এবং ঘুম নিয়ে সময় ব্যয় করেন, আর বাকি ১৮ ঘন্টা তিনি দেশের জন্য কাজ করেন বলে মন্তব্য করেছেন মাউশির পরিচালক প্রফেসর মো. শহিদ উল্লা মজুমদার।

সোমবার (৩১ আগস্ট) চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের ম্যাথ অ্যান্ড সায়েন্স ক্লাব আয়োজিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. শহিদ উল্লা মজুমদার আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছি। আমাদের অর্থনীতির সঙ্গে সারা পৃথিবীর অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। অর্থনীতি এবং বিজ্ঞান-দুটোই যদি শক্তিশালী হয়, একটা দেশকে আর পেছনের দিকে ফিরে তাকাতে হয় না।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ সম্পন্ন নাগরিক হিসেবে তাদের গড়ে তুলতে হবে। প্রযুক্তির অপব্যবহার থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, পিতামাতা তোমাদের জন্ম দিয়েছেন, আর শিক্ষকরা তোমাদের যোগ্যতম নাগরিক হিসেবে দেশের সম্পদে পরিণত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। অতএব, শিক্ষক অসম্মানিত হলে জাতি অসম্মানিত হবে। তাই শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা বজায় রেখে শিক্ষার্থীদের নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। নৈতিক অবক্ষয় রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

আর আমিন একাডেমির অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক (কলেজ) মো. শফিকুল ইসলাম এবং চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তার, আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন ও ছাত্রী ক্যাম্পাসের ইনচার্জ ফারজানা আক্তারসহ শিক্ষক-কর্মকর্তারা।

এর আগে মাউশির পরিচালক প্রফেসর মো. শহিদ উল্লা মজুমদার বিজ্ঞান মেলা পরিদর্শন করেন। পরে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় প্রতিষ্ঠানের শিক্ষার মান ও ফলাফল উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করা এবং প্রযুক্তির অপব্যবহার রোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে