গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর বাস টার্মিনাল সংলগ্ন কাপাসিয়া গ্রামের কলেজ পড়ুয়া শিক্ষার্থী ফাহিমকে মোটরবাইক কিনে না দেয়ায় মা-বাবার সাথে অভিমান করে মঙ্গলবার দুপুরে বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের দুবাই প্রবাসী আবুল কাশেম জিমবির পুত্র।
জানা যায়, কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ফাহিম ও তার এক বোনকে বাড়িতে রেখে বাবা-মা দু'জনই দীর্ঘদিন ধরে চাকরির সুবাদে দুবাই থাকেন। ছেলের আবদার রক্ষার্থে গত এক সপ্তাহ আগে মা-বাবা দেশে আসেন। দেশে আসার পর ছেলের আবদারে তাকে ৮০ হাজার টাকা মূল্যের একটি আইফোন কিনে দিয়েছেন। তারপর ছেলের চাহিদা তাকে 'আর ওয়ান ফাইভ' মডেলের একটি মোটরসাইকেল কিনে দিতে হবে।
বাবা মার কথা ছিলো আবার প্রবাসে গিয়ে টাকা রোজগার করে ছেলেকে মোটরসাইকেল কিনে দিবেন। ছেলে সেটা মেনে নিতে পারে নি। মঙ্গলবার দুপুরে বাড়ির সবার অজান্তে ফাহিম কিটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। সে বিবাহিত ছিল এবং তার এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
প্রতিবেশীদের ভাষ্য, বর্তমান যুগে অনেক বাবা মা কাছে থেকেই সন্তানদেরকে সঠিক পথে রাখতে পারছেন না। বাবা-মা দুজনই বিদেশে থাকেন , তাহলে কিভাবে সন্তানদেরকে সঠিক পথে রাখবেন ? সকল অভিভাবকদের সন্তানের প্রতি আরো বেশি সতর্ক ও যত্নবান হওয়া দরকার।