ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৬ পিএম
ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ

জয়পুরহাটের ক্ষেতলালে বাবার বিরোধের জের ধরে মনোয়ার হোসেন নামের এক ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে একই গ্ৰামের শরিফুল ইসলাম সুমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার বটতলী বাজারে এ ঘটনা ঘটে। আহত মনোয়ার হোসেন উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং তালশন গ্রামের আশরাফ আলীর ছেলে।

তালাশন গ্ৰামের মাসুদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালের দিকে গ্রামের মোড়ে সুমনের বাবা সামাদ সরদারের সঙ্গে মনোয়ারের বাবা আশরাফ আলীর জমি সংক্রান্ত মামলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে গ্রামের লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। তবে ওই ঘটনার জের ধরে সামাদ সরদারের ছেলে সুমন বটতলী বাজারে আশরাফ আলীর ছেলে (ইউপি সদস্য) মনোয়ারকে একা পেয়ে মারধর ও হামলা চালায়। হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য মনোয়ার হোসেন জানান, জয়পুরহাট থেকে বেগুন বিক্রি করে ক্ষেতলালের দিকে ফেরার পথে বটতলী বাজারে তাঁর পথরোধ করে অতর্কিত ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর ডান পাশের কাঁধ, গলা ও হাত জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা তাঁর কাঁধের ক্ষতস্থানে কয়েকটি সেলাই দিয়েছেন।

মনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে সামাদের ছেলে সুমন আমার ওপর এই হামলা চালানো হয়েছে। এর আগেও আমাকে দুটি মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল, যেগুলোতে আমি বর্তমানে জামিনে আছি। আমি প্রশাসনের কাছে এ বিষয়ে বিচার চাই এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেব।

অভিযোগের বিষয়ে জানতে শরিফুল ইসলাম সুমনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এ বিষয়ে তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদ খান ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, ইউপি সদস্যকে ছুরিকাঘাতের খবর পাওয়া গেছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে