রাঙ্গামাটিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩১ পিএম
রাঙ্গামাটিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি দয়াল দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল একরামুল রাহাত পিএসসি, রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকান্দর, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশ।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু বলেন, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠাই ছিল শ্রীকৃষ্ণের অন্যতম প্রধান শিক্ষা। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান সরকার দেশের সকল জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছে। এখানে ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের ভেদাভেদ রাখা হয়নি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই আয়োজন আমাদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। রাঙ্গামাটিতে সকল সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।

আলোচনা সভা শেষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি আনন্দঘন ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালি ও আলোচনা সভাকে ঘিরে পুরো আয়োজন জুড়ে ছিল ভক্তি, শ্রদ্ধা ও উৎসবের আবহ। প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ কামনা করেন ভক্তরা। জন্মষ্টমী উপলক্ষে পরবর্তীতে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন ও 'যেমন খুশি তেমন সাজো' প্রতিযোগিতা। উৎসবের শেষ পর্বে বিজয়ী শিশু শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে