ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৮ পিএম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কসটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এক্সপ্রেসওয়েতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের মুখে কসটেপ পেঁচানো ছিল।

পুলিশের ধারণা, অন্য কোথাও ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি এক্সপ্রেসওয়েতে এনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এক্সপ্রেসওয়ের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে