ইংল্যান্ড সফরের শুরুতেই বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন দলের অধিনায়ক কুশল মেন্ডিস ও পেসার বিনুরা ফার্নান্দো। তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে টপ অর্ডার ব্যাটার পাভান রথনায়েকে ও পেসার দিলশান মাদুশাঙ্কাকে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, ২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) পাওয়া চোটের কারণে কুশল ও বিনুরা এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। ফলে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাদের পাওয়া যাচ্ছে না। কুশল ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা। সিরিজের আগে তাকে সহ-অধিনায়কের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছিল। কুশল এখনো ওয়ানডে সিরিজ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়েননি। তবে সেখানেও তিনি খেলতে না পারলে সহ-অধিনায়ক হিসেবে আসালাঙ্কাই নেতৃত্ব দিতে পারেন। ডান হ্যামস্ট্রিংয়ের চোটে ১৯ জুলাই থেকে মাঠের বাইরে কুশল। অন্যদিকে পিঠের চোটের কারণে বিনুরা সর্বশেষ খেলেছেন ৫ আগস্ট। কুশলের বদলি হিসেবে ২৪ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার পাভান রথনায়েকে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন। আর বিনুরার পরিবর্তে নেওয়া হয়েছে দিলশান মাদুশাঙ্কাকে। সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের শ্রীলঙ্কা দলে থাকলেও একাদশে খেলার সুযোগ পাননি এই বাঁহাতি পেসার। এদিকে শ্রীলঙ্কার নেতৃত্বের কাঠামোয় ফেরার পর এবার মাঠেও দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন আসালাঙ্কা। তিন মাস আগে তিনি ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছিলেন। এর ছয় মাস পর টি-টোয়েন্টি দল থেকেও বাইরে ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ সেপ্টেম্বর সাউদাম্পটনে। দ্বিতীয় ম্যাচ ১৭ সেপ্টেম্বর কার্ডিফে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর ম্যানচেস্টারে। এরপর ২২ সেপ্টেম্বর চেস্টার-লে-স্ট্রিটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ২৪ সেপ্টেম্বর লিডসে এবং শেষ ম্যাচ ২৭ সেপ্টেম্বর দ্য ওভালে অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল-
পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জনিথ লিয়ানাগে, পাভান রথনায়েকে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, থারিন্দু রথনায়েকে, দুষ্মন্ত চামিরা, এশান মালিঙ্গা, নুয়ান থুষারা ও দিলশান মাদুশাঙ্কা।