নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে মানবিক উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী নির্বাচন ক্যাম্প। পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের আয়োজনে ও যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পিরোলী খানকাহ শরীফ মাঠে এই ক্যাম্প পরিচালিত হয়। এতে মোট ২৪৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসা শেষে যাচাই-বাছাইয়ের মাধ্যমে চোখের ছানীজনিত ৪৫ জন রোগীকে উন্নত চিকিৎসা ও বিনামূল্যে অস্ত্রোপচারের (অপারেশন) জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত এসব রোগীদের যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোগীদের যাতায়াত, অস্ত্রোপচার ও সার্বিক সহযোগিতার সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে আয়োজক সংগঠন খানকাহপাড়া সবুজ সংঘ।
ক্যাম্পের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক শাহ্ মোহাম্মদ এনায়েত কবির কাজল। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ও হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: মাহমুদুল হক আবু জাফর। এসময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলম, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি শেখ আলতাফ উদ্দিন, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: আলফাজ শেখ, বাদশাহ শেখ, আদনান খানসহ সংগঠনটির স্বেচ্ছাসেবক ও অন্যান্য নেতৃবৃন্দবৃন্দ।
এ ধরণের মানবিক কার্যক্রমে চিকিৎসাসেবা নিতে আসা দূর-দূরান্তের উপকারভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, আর্থিক সংকটের কারণে তারা দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না। বাড়ির কাছেই এমন বিনামূল্যে উন্নত পরীক্ষা এবং বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পেয়ে তারা আয়োজক সংগঠন ও আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। খানকাহপাড়া সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পী বলেন, "গ্রামের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের আলো ফেরাতেই আমাদের এই মানবিক উদ্যোগ। মানুষের পাশে দাঁড়ানোর এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"